টানা বর্ষণে বাড়ছে নদীর পানি, কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

🕙 প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ । ১১:১২ এএম

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের একাধিক জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

রোববার (১২ জুলাই) সকাল ৯টার তথ্য অনুযায়ী, বর্তমানে তিনটি নদীর পাঁচটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে রয়েছে সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী পয়েন্ট, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মারকুলি পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্ট।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট বিভাগ এবং উজান এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানিও বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে এসব জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিচু এলাকাও সাময়িকভাবে পানিতে তলিয়ে যেতে পারে।

উত্তরাঞ্চলের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে কিছু এলাকায় পরিস্থিতির উন্নতির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া ও বন্যা পূর্বাভাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সাঙ্গু ও মাতামুহুরী নদী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় কিছুটা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে নদ-নদীর পানিপ্রবাহ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করেছে।

এদিকে টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যাওয়ায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও অন্যান্য পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ