জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ শীর্ষক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের যৌথ উদ্যোগে সেমিনারটির আয়োজন করা হয়।
পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের কোনো সম্ভাব্য সংকট নয়, এটি এখন প্রতিদিনের বাস্তবতা। অনিয়মিত বৃষ্টিপাত, তীব্র তাপপ্রবাহ এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি দেশের মানুষের জীবন ও জীবিকার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ বলেন, পরিবেশ সংরক্ষণকে কেবল সরকারি কর্মসূচি হিসেবে নয়, বরং একটি জাতীয় সংস্কৃতিতে পরিণত করতে হবে।
তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি নাগরিক সমাজ, পরিবেশবাদী সংগঠন, তরুণ প্রজন্ম এবং প্রান্তিক জনগোষ্ঠীসহ সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বাপার সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন পরিবেশ দিবস আয়োজন কমিটির পক্ষে বাপার যুগ্ম সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির সুমন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপার সহ-সভাপতি অধ্যাপক ড. এম. ফিরোজ আহমেদ।
এ সময় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং গবেষকরা উপস্থিত ছিলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তোফাজ্জল হোসেন এ তথ্য জানিয়েছেন।


