অসুস্থ ও রোগাক্রান্ত গরু জবাই করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
“স্বাবলম্বী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাটুরিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে ডা. খোকন হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক খামার ব্যবস্থাপনা, গবাদিপশুর রোগ প্রতিরোধ ও সময়মতো টিকাদানের মাধ্যমে খামারিরা আরও বেশি লাভবান হতে পারবেন এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান এবং সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।
এ ছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির ফারজিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাকসুদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় খামারি, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে স্থানীয় খামারিদের গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।





