মানিকগঞ্জে গৃহবধূ শিমু আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি সাগর খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে জাগীর পুলিশ ক্যাম্প এলাকার একটি ভুট্টাক্ষেতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জুলুস খান পাঠান।
গ্রেপ্তার সাগর খন্দকার (২৪) সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ভিকরা পশ্চিম পাড়া এলাকার বদর উদ্দিনের ছেলে। অন্যদিকে নিহত শিমু আক্তার সদর উপজেলার গুজুরি গ্রামের আলম পীরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০ পিস ইয়াবাসহ সাগরকে গ্রেপ্তার করেছিল সদর থানা পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় গৃহবধূ শিমু আক্তারের স্বামী আলম পীরকে সন্দেহ করেন সাগর। কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে আলমকে না পেয়ে তার স্ত্রী শিমুর ওপর হামলা করেন তিনি।
অভিযোগ অনুযায়ী, বাড়ি ফেরার পথে শিমু আক্তারের ওপর অতর্কিত হামলা চালান সাগর। এ সময় ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপালে তার ডান হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর), পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিমুর স্বামী আলম পীরের দাবি, এর আগেও সাগর তার ওপর হামলা চালিয়েছিলেন। মাদক মামলায় সাগরের গ্রেপ্তারের পেছনে তিনি জড়িত বলে সন্দেহ করতেন সাগর। কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর সেই সন্দেহ থেকেই প্রতিশোধ নিতে তার স্ত্রীর ওপর হামলা চালায় সাগর।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, অভিযুক্ত সাগর জাগীর পুলিশ ক্যাম্প এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে একটি ভুট্টাক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জুলুস খান পাঠান বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি সাগর। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




