ভোলার চরফ্যাশন উপজেলায় এইচএসসি পরীক্ষার পর একটি পরীক্ষা কেন্দ্রে বিক্ষোভ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রশাসনের দাবি, আইসিটি পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়া এবং কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার অভিযোগে একদল পরীক্ষার্থী এ ঘটনা ঘটায়।
শনিবার (১১ জুলাই) দুপুরে চরফ্যাশন সরকারি মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
চরফ্যাশন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বাচ্চু জানান, আইসিটি পরীক্ষায় অংশ নেওয়া ৮৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষা শেষে কেন্দ্র ত্যাগ করে। পরে বেলা ১টা ১৫ মিনিটের দিকে প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী প্রধান ফটকের সামনে জড়ো হয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকে এবং কলেজের দিকে ডিম নিক্ষেপ করে।
একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পশ্চিম পাশের দুটি গেট ভেঙে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে এবং অধ্যক্ষের কক্ষের জানালার কাচ ভাঙচুর করে। এ ঘটনায় কলেজের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয় এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সহায়তা করেছেন বলে জানান কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় পরীক্ষার্থীদের উত্তরপত্র নিরাপদে পোস্ট অফিসে পৌঁছে দেওয়া হয়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, খবর পাওয়ার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, প্রশ্ন কঠিন হওয়া এবং শিক্ষকদের সহযোগিতা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের একটি অংশ পরীক্ষা শেষে জড়ো হয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

