শিরোনাম
Advertisement
সারাদেশ

দ্বিতীয়বারের মতো মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি সাটুরিয়া থানার মোশাররফ হোসেন

Advertisement
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অবদানের স্বীকৃতি পেল সাটুরিয়া থানা

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় দ্বিতীয়বারের মতো মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন।

আজ মানিকগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান পরিচালনা, অপরাধীদের গ্রেপ্তার এবং বিভিন্ন মামলার রহস্য উদ্‌ঘাটন ও নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওসি মোশাররফ হোসেন। এসব কার্যক্রমে সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।

প্রাপ্ত তথ্যমতে, সংশ্লিষ্ট সময়ে সাটুরিয়া থানায় মোট ৭৩টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হয়েছে। এ ছাড়া নিয়মিত মামলায় ৪২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। নিষ্পত্তি করা হয়েছে ২০টি মামলা এবং দাখিল করা হয়েছে আটটি নন-এফআইআর প্রসিকিউশন। একই সময়ে ৮৩টি বি-রোল ইস্যু এবং ৪৫ বার বন্দুক চেকিং কার্যক্রম পরিচালনা করা হয়।

মাদকবিরোধী অভিযানে সাটুরিয়া থানা পুলিশের সাফল্যও উল্লেখযোগ্য। এসব অভিযানে ১১৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৫০ গ্রাম গাঁজা ও ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া চুরি বা হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধারের কার্যক্রমেও সাফল্য পেয়েছে পুলিশ। প্রায় ২২ লাখ টাকা মূল্যের একটি মিনি ট্রাক, ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি থ্রি-হুইলার সিএনজি এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুইজন ভিকটিমকে সফলভাবে উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ধারাবাহিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সাটুরিয়া থানা পুলিশের কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জেলা পুলিশের এই স্বীকৃতি সাটুরিয়া থানার সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী তৎপরতা এবং অপরাধ নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ