শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৩৬ গ্রামীণ নারীকে সম্মাননা

Advertisement
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে সম্মাননা ক্রেস্ট হাতে গ্রামীণ নারী কৃষকেরা

আরও পড়ুন

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখায় মানিকগঞ্জে ৩৬ জন গ্রামীণ নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারশ্রী গ্রামের গুরুদাস মন্ডলের বাড়ির আঙিনায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে যৌথভাবে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান- বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) ও গ্রিন কোয়ালিশন- মানিকগঞ্জ।

গ্রামীণ নারী কৃষকদের অবদানকে স্বীকৃতি দেওয়া, তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা জনসমক্ষে তুলে ধরা এবং পরিবেশবান্ধব কৃষি ও জীববৈচিত্র্য সংরক্ষণে তাঁদের নেতৃত্বকে উৎসাহিত করতেই গ্রামীণ নারীদের এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, গ্রিন কোয়ালিশন- মানিকগঞ্জের সভাপতি আব্দুল খালেক ও বারসিকের জেন্ডার অ্যাডভাইজার খাদিজা সুলতানা লোপা।

গ্রীন কোয়ালিশন এর মানিকগঞ্জ সদর উপজেলা কমিটির সদস্য আসমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মাননা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারসিকের পরিচালক সৈয়দ আলী বিশ্বাস, আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় ও কর্মসূচি সমন্বয়কারী রাশেদা আক্তার, স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট’র সমন্বয়ক খালেদা মাহবুব ছন্দা প্রমুখ।

বারসিক কর্মকর্তা আয়েশা আক্তারের পরিচালনায় এই অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের মধ্য থেকে বক্তব্য রাখেন আঁখি আক্তার, ফাতেমা বেগম, পারভীন বেগম।

এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘নারীর জ্ঞান, সমৃদ্ধ বাঁচার পরিবেশের প্রাণ’। অনুষ্ঠানে গ্রামীণ নারী কৃষকদের সম্মাননা প্রদান, দেশীয় বীজ ও অপ্রচলিত উদ্ভিদের বৈচিত্র্য প্রদর্শন, গ্রামীণ খাদ্য ও পিঠার বৈচিত্র্য, কৃষি উপকরণ ও নারীদের উদ্ভাবিত কৃষিপ্রযুক্তি প্রদর্শনী এবং গ্রামীণ নারীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, ‘গ্রামীণ নারীদের জ্ঞান, শ্রম, অধিকার ও অবদানের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই গ্রামীণ উন্নয়নে নারীদের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।’

এ বিভাগের আরও সংবাদ