স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে ব্যাপক লুটপাট হয়েছে এবং গ্রামীণ সংগঠনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পল্লী উন্নয়ন বোর্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশের প্রায় ১ লাখ ৮১ হাজার সংগঠক সমবায়ের ভিত্তিতে উৎপাদিত পণ্য বাজারজাত করছেন। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিভিন্ন উৎপাদিত পণ্যের স্টল পরিদর্শন করেন।
আলোচনা সভায় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পল্লী উন্নয়নের লক্ষ্যেই সরকার নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করছে।
মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ঝিমিয়ে থাকা পল্লী উন্নয়ন বোর্ডকে সক্রিয় ও কার্যকর করার প্রতিশ্রুতি দেন তিনি।
এদিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত আরেক আলোচনা সভায় মন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামীণ উন্নয়নে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করছে।

