সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের জন্য আলাদা ভবন নির্মাণে সরকারের কাছে সুপারিশ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বুধবার (১ জুলাই) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে রিজভী অভিযোগ করেন, গত দেড় দশকে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের আইনি প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ যেন ভবিষ্যতে কোনো রাজনৈতিক প্রভাবের আওতায় না পড়ে, সে বিষয়ে বিচারকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, ভবিষ্যতে আইনি প্রক্রিয়া যেন আবারও কোনো ব্যক্তিকেন্দ্রিক আদালতে পরিণত না হয়, সেটি নিশ্চিত করতে হবে।
আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে তরুণ আইনজীবীদের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
বিগত সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আগের শাসনামলে খ্যাতনামা আইনজীবীরাও বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এ প্রেক্ষাপটে আইনজীবীদের পেশাগত সুযোগ-সুবিধা বাড়াতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের জন্য পৃথক ভবন নির্মাণ জরুরি বলে উল্লেখ করেন তিনি।
এ সময় তিনি জানান, এ বিষয়ে সরকারের কাছে জোরালোভাবে সুপারিশ করা হবে।

