মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারের সব উদ্যোগই দেশের জনগণের কল্যাণকে সামনে রেখেই পরিচালিত হচ্ছে।
শনিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের রাজনৈতিক অবস্থান থেকেই আমরা ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বিশ্বাস করি। আমি আমার অবস্থান থেকে দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, এই সফরে কোনো ব্যক্তিগত বিষয় ছিল না। সফরের মাধ্যমে যদি কোনো ইতিবাচক অর্জন হয়ে থাকে, তা পুরো বাংলাদেশের অর্জন।
প্রধানমন্ত্রী বলেন, “যদি ভালো কিছু অর্জিত হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন। এই সফরের সুফল জনগণের কাছেই পৌঁছাবে।”
সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্য দেশের স্বার্থে কাজ করতে উৎসাহ দিয়েছেন। এজন্য তিনি সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

