ত্রিপুরার মেডিকেল কলেজে পাঠদান করছেন সাবেক এমপি প্রাণ গোপাল দত্ত

🕙 প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ । ৭:৪৯ এএম

আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন বলে জানা গেছে।

সম্প্রতি কলেজটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

শনিবার (২৭ জুন) সকালে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক স্টাফ নার্স বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠদান করছেন। তবে তিনি কতদিন ধরে সেখানে ক্লাস নিচ্ছেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানাতে পারেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন ডা. প্রাণ গোপাল দত্ত। তার পেছনের ডিজিটাল বোর্ডে চিকিৎসাবিজ্ঞান-সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদর্শিত হচ্ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি নাক-কান-গলা (ইএনটি) বিষয়ক একটি ক্লাস নিচ্ছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যের মতো ডা. প্রাণ গোপাল দত্তও আত্মগোপনে যান। দেশে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া না গেলেও সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর তিনি ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত নাক-কান-গলা রোগের বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন। চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য ২০১২ সালে তিনি স্বাধীনতা পদক লাভ করেন। পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হয়ে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ