তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ

🕙 প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ । ৫:১৪ এএম

রেকর্ডভাঙা তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশ। আজ শুক্রবার মহাদেশটির অন্তত ১৫ কোটি মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হচ্ছেন। এর মধ্যে শুধু জার্মানিতেই পাঁচ কোটির বেশি এবং ফ্রান্সে তিন কোটির বেশি মানুষ প্রচণ্ড গরমে দুর্ভোগ পোহাচ্ছেন।

তুরস্ক বাদে ইউরোপের প্রায় ৪২ কোটি মানুষ আজ ৩০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার সম্মুখীন হতে পারেন, যা মহাদেশটির মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ।

জার্মান আবহাওয়া বিভাগের পূর্বাভাস ও ২০২৫ সালের জনসংখ্যার তথ্যের ভিত্তিতে এ বিশ্লেষণ করা হয়েছে। অস্ট্রিয়ার বেসরকারি সংস্থা ক্লাইমাড্যাশবোর্ডের হিসাবের সঙ্গেও এর মিল পাওয়া গেছে।

বিজ্ঞানীরা বলছেন, ঘন ঘন তাপপ্রবাহ বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম স্পষ্ট লক্ষণ। ভবিষ্যতে এ ধরনের তাপপ্রবাহ আরও বেশি ঘন ঘন, দীর্ঘস্থায়ী এবং তীব্র আকার ধারণ করতে পারে।

জার্মানির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ এবং সপ্তাহান্তে দেশটির প্রায় সব অঞ্চলে তীব্র গরম ছড়িয়ে পড়বে। দক্ষিণ-পশ্চিম, পশ্চিম, মধ্য ও পূর্বাঞ্চলের অনেক এলাকায় ‘চরম তাপপ্রবাহ’ দেখা দিতে পারে।

জনগণকে সতর্ক করতে জার্মানির তাপমাত্রা সতর্কীকরণ মানচিত্রের অধিকাংশ অঞ্চল গাঢ় বেগুনি রঙে চিহ্নিত করা হয়েছে, যা ‘চরম তাপ সতর্কতা’ নির্দেশ করে।

অন্যদিকে তাপপ্রবাহের কারণে ফ্রান্সে হাজারো স্কুল বন্ধ রাখতে হয়েছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে, সেগুলোতেও প্রচণ্ড গরমের মধ্যে পাঠদান ও পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়েছে।

ভবিষ্যতে তাপপ্রবাহ মোকাবিলায় স্কুল, শিশু দিবাযত্ন কেন্দ্র ও নার্সারিতে শীতলীকরণ ব্যবস্থা গড়ে তুলতে আট কোটি ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি ইডিএফ। পাশাপাশি বৃদ্ধাশ্রমে শীতলীকরণ ব্যবস্থা স্থাপনে অতিরিক্ত পাঁচ কোটি ইউরো বরাদ্দ দিয়েছে সরকার।

তাপপ্রবাহজনিত অসুস্থতায় রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় প্যারিসের হাসপাতালগুলোও ব্যাপক চাপে পড়েছে। প্যারিসের পুলিশপ্রধান পাত্রিস ফোর বলেন, “আমরা হাসপাতালের সক্ষমতার সীমায় পৌঁছে গেছি। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে।”

হাসপাতালের ওপর চাপ কমাতে আজ থেকে প্যারিসে প্রকাশ্যে মদপান ও মদ বিক্রি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

প্রচণ্ড গরম থেকে বাঁচতে অনেক মানুষ জলাশয়ে নামছেন। এতে ফ্রান্সে ডুবে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৫৫ জনে পৌঁছেছে। দেশটির ক্রীড়ামন্ত্রী সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে তীব্র গরমের কারণে সপ্তাহান্তে প্যারিসে অনুষ্ঠেয় প্রাইড প্যারেডের উৎসব বাতিল করেছেন আয়োজকেরা। পুলিশ আগেই জানিয়েছিল, তাপপ্রবাহের কারণে অনুষ্ঠানটি বাতিল করা হতে পারে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ