বিশ্বসংগীতের কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনের মৃত্যুর ১৭ বছর পূর্ণ হলো আজ। ২০০৯ সালের ২৫ জুন লস অ্যাঞ্জেলেসের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ‘কিং অব পপ’ খ্যাত এই শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তার মৃত্যুর খবর সে সময় বিশ্বজুড়ে কোটি ভক্তকে শোকাহত করেছিল।
১৭তম প্রয়াণবার্ষিকীতে এবার নতুন করে আলোচনায় এসেছেন মাইকেল জ্যাকসন। কারণ, চলতি বছরের এপ্রিলে মুক্তি পেয়েছে তার জীবনভিত্তিক বহুল আলোচিত বায়োপিক ‘মাইকেল’। সিনেমাটি মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।
অ্যান্টোইন ফুকা পরিচালিত এবং লায়ন্সগেট ও ইউনিভার্সাল পিকচার্স প্রযোজিত এই চলচ্চিত্রটি ইতোমধ্যে বক্স অফিসে রেকর্ড গড়েছে। প্রায় ১৫৫ থেকে ২০০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী ৯৬০ মিলিয়নের বেশি মার্কিন ডলার আয় করেছে। এর মাধ্যমে এটি সর্বকালের অন্যতম সফল মিউজিক্যাল বায়োপিক হিসেবে জায়গা করে নিয়েছে।

সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন। চেহারা, কণ্ঠ ও বিখ্যাত নাচের ভঙ্গিতে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। এছাড়া মাইকেলের শৈশবের চরিত্রে অভিনয় করেছেন হুলিয়ানো ভালডি। বাবা জো জ্যাকসনের ভূমিকায় কোলম্যান ডমিঙ্গো এবং মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে দেখা গেছে নিয়া লংকে।
তবে সিনেমার সাফল্যের মাঝেও কিছু বিতর্ক সামনে এসেছে। জাফর জ্যাকসনের বাবা জেরমেইন জ্যাকসনের বিরুদ্ধে পুরোনো একটি যৌন নিপীড়নের মামলার রায় প্রকাশ পাওয়ায় আলোচনার সৃষ্টি হয়। যদিও এসব বিতর্ক ছাপিয়ে সিনেমাটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইতোমধ্যে সিনেমাটির দ্বিতীয় কিস্তি নির্মাণের পরিকল্পনাও শুরু হয়েছে বলে জানা গেছে।
১৯৬৪ সালে ‘জ্যাকসন ৫’ ব্যান্ডের মাধ্যমে সংগীতজীবন শুরু করেন মাইকেল জ্যাকসন। পরে একক শিল্পী হিসেবে বিশ্বসংগীতে অনন্য উচ্চতায় পৌঁছান তিনি। ‘থ্রিলার’, ‘বিলি জিন’, ‘বিট ইট’, ‘ব্যাড’, ‘ব্ল্যাক অর হোয়াইট’, ‘হিল দ্য ওয়ার্ল্ড’সহ অসংখ্য জনপ্রিয় গান তাকে বিশ্বসংগীতের ইতিহাসে স্থায়ী আসন এনে দেয়।
গানের পাশাপাশি তার অসাধারণ নৃত্যশৈলী এবং বিখ্যাত ‘মুনওয়াক’ নাচ তাকে সাংস্কৃতিক আইকনে পরিণত করে। আজও তার গান, নাচ ও মঞ্চ পরিবেশনা নতুন প্রজন্মের কাছে সমান জনপ্রিয়।
মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত জীবন নানা বিতর্ক ও রহস্যে ঘেরা ছিল। মৃত্যুর পর তার ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠে। আদালত পরে তাকে অনিচ্ছাকৃত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে।
সব বিতর্ক ছাপিয়ে ১৭ বছর পরও মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তা অটুট রয়েছে। নতুন বায়োপিকের মাধ্যমে আবারও আলোচনায় উঠে এসেছে তার সংগীতজীবন ও বৈশ্বিক প্রভাব। কোটি ভক্তের হৃদয়ে আজও অমলিন হয়ে আছেন বিশ্বসংগীতের এই কিংবদন্তি শিল্পী।

