মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল গ্রামে সজিব নামের এক যুবককে মব সৃষ্টি করে কুপিয়ে হত্যা মামলায় আটক পুটাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলিমের মুক্তির দাবিতে সদর থানা ঘেরাও এবং থানার সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় থানা ও জন নিরাপত্তায় থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
সোমবার(১ জুন) সকাল ১০ টার দিকে থানার গেইটের বাহিরে শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে এই বিক্ষোভে বিভিন্ন স্লোগান দেন।

আটক আলিম সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তার বাড়ি দক্ষিণ বালিয়াবিল গ্রামে।
বিক্ষোভকারীরা জানায় আলিম মেম্বার এই হত্যা কান্ডের সাথে জড়িত নয়, নির্দোষ এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। দ্রুত তার মুক্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে সজিব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
আর আগে গত শনিবার মধ্যরাতে উত্তর পুটাইল এলাকায় সজিব তার মামা লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন। রাত দেড়টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল বাড়িটিতে হামলা চালায়, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সজিবকে কুপিয়ে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সজীবের ছোট ভাই রাজিব বাদি হয়ে গতকাল রবিবার সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে সাবেক ইউপি সদস্য আলিমকে আজকে ভোরে এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন জানালেন, সজিব হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আলিম মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার স্থানীয় বাসিন্দারা তার মুক্তির দাবিতে থানার সমানে জড়ো হয়েছিল। তবে কিছুক্ষণ অবস্থান করে ও বিভিন্ন স্লোগান দিয়ে তারা চলে গেছেন।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান- ওসি।
টেলিগ্রাম/এসআইএস

