দক্ষিণ চীন সাগরসংলগ্ন বিতর্কিত সামুদ্রিক এলাকায় জাপান ও ফিলিপাইনের একতরফা সীমানা নির্ধারণসংক্রান্ত ঘোষণার পর তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলীয় কৌশলগত জলসীমায় বিশেষ টহল পরিচালনা করেছে চায়না কোস্ট গার্ড (সিসিজি)। সোমবার (১ জুন) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চায়না কোস্ট গার্ডের বিশেষ আইন প্রয়োগকারী টহলটি বেইজিংয়ের নির্দেশনায় পরিচালিত হয়। এ বিষয়ে সিসিজির মুখপাত্র জিয়াং লুয়ে এক বিবৃতিতে বলেন, জাপান ও ফিলিপাইনের সাম্প্রতিক পদক্ষেপ চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি দাবি করেন, সংশ্লিষ্ট অঞ্চলে চীনের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষার লক্ষ্যে এই টহল পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে জাপান ও ফিলিপাইনকে চীনের দাবি করা ভৌগোলিক ও সামুদ্রিক অধিকার ক্ষুণ্ন করতে পারে—এমন কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, চীনের সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট জলসীমায় নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রাখা হবে। পাশাপাশি দেশের আঞ্চলিক সার্বভৌমত্ব ও সামুদ্রিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করে বেইজিং।
এদিকে, আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, জাপান ও ফিলিপাইনের যৌথ উদ্যোগ এবং এর প্রতিক্রিয়ায় চীনের বিশেষ টহল কার্যক্রম তাইওয়ান প্রণালি ও দক্ষিণ চীন সাগর অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে।
সূত্র: মেহের নিউজ

