মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঈদের আনন্দকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ফুটবল ফাইনাল ম্যাচ ২০২৬। স্থানীয় ক্রীড়া ও সাংস্কৃতিক চেতনার অংশ হিসেবে রাথুরা শতদল উদয়ন সংঘের উদ্যোগে বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
আজ রবিবার বিকেলে অনুষ্ঠিত এই ম্যাচকে ঘিরে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকা দর্শকদের ভিড়ে মুখর হয়ে ওঠে। দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় খেলাপ্রেমী মানুষদের মধ্যে তৈরি হয় বাড়তি উচ্ছ্বাস। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এ জিন্নাহ্ কবিরের সহধর্মিণী সায়লা কবির। উদ্বোধন করেন বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. আর আনসারী বিল্টু।
আয়োজক কমিটির আহ্বায়ক সুজন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চতু, রাথুরা সমাজ কল্যাণ সমিতির সভাপতি শফিকুল ইসলাম এবু, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ রাজা মিয়া, সমাজসেবক মিরন মিয়া, মুসলিম নগর আদর্শ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আরিফ খান, ক্রীড়া ব্যক্তিত্ব লোকমান মোল্লা, রাজা তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ায় এবং সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় করে। তারা নিয়মিতভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এই পুনর্মিলনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। দর্শকদের বিপুল উপস্থিতিতে পুরো এলাকা এক আনন্দঘন পরিবেশে পরিণত হয়।
ফাইনাল খেলায় অবিবাহিত দল ২-০ গোলে বিবাহিত দলকে পরাজিত করে শিরোপা অর্জন করে।

