সোমবার

১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবিতে ছড়ানো চিঠি ‘ভুয়া’, বলছে পুলিশ

🕙 প্রকাশিত : ১ জুন, ২০২৬ । ৬:৪৮ পূর্বাহ্ণ

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে—এমন দাবি করে পুলিশ সদর দপ্তরের নামে একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সংশ্লিষ্টরা চিঠিটিকে সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছেন।

রোববার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই চিঠিতে দাবি করা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অনুষ্ঠিত একটি মিছিল এবং প্রশাসনিক কারণ দেখিয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে বর্তমান দায়িত্ব থেকে অবিলম্বে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

তবে বিষয়টি নিয়ে কুমিল্লা জেলা পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, চিঠিটির ভাষা ও প্রশাসনিক কাঠামো পর্যালোচনা করলে এটি ভুয়া বলে স্পষ্ট হয়। তাদের মতে, এ ধরনের আদেশে সাধারণত স্বাক্ষরকারী কর্মকর্তার পূর্ণ পরিচয়, প্রয়োজনীয় দাপ্তরিক তথ্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানোর বিষয় উল্লেখ থাকে। ছড়িয়ে পড়া চিঠিতে এসব নিয়ম অনুসরণ করা হয়নি।

পুলিশ কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক সময়ে কুমিল্লা জেলায় অস্ত্র ও মাদক উদ্ধার, সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেপ্তার অভিযান এবং স্বচ্ছভাবে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম পরিচালনার কারণে কোনো স্বার্থান্বেষী মহল অসন্তুষ্ট হয়ে এ ধরনের অপপ্রচার চালাতে পারে। তারা জানান, ভুয়া চিঠি ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “অনেকেই আমাকে এই বিজ্ঞপ্তির বিষয়ে অবহিত করেছেন। এটি পুলিশ সদর দপ্তরের কোনো চিঠি নয়। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দেশ্যে একটি চক্র ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে দিচ্ছে বলে মনে হচ্ছে।”

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হলেও পুলিশ প্রশাসন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই চিঠির কোনো সত্যতা নেই।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ