সোমবার

১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এলাকায় না যাওয়ার অভিযোগকে ‘মিথ্যা প্রচার’ বললেন তাসনিম জারা

🕙 প্রকাশিত : ১ জুন, ২০২৬ । ৬:৪২ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেছেন, একটি সংঘবদ্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে তার সম্পর্কে ভুল তথ্য প্রচার করছে।

রোববার (৩১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তাসনিম জারা বলেন, নির্বাচনের পর তিনি নাকি তার নির্বাচনী এলাকা ঢাকা-৯-এ যাননি—এমন প্রচারণা চালানো হচ্ছে। তবে তিনি দাবি করেন, নিয়মিত প্রচার বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ না করলেও গত কয়েক মাসে এলাকার মানুষের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল।

পোস্টে তিনি উল্লেখ করেন, এলপিজি গ্যাসের উচ্চমূল্যের কারণে ভোগান্তিতে থাকা বহু পরিবারের জন্য তিনি ও তার সহযোগীরা সরাসরি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে সরকার-নির্ধারিত মূল্যে গ্যাস সরবরাহের ব্যবস্থা করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, কয়েকশ পরিবার এই উদ্যোগের সুবিধা পেয়েছে, যদিও এ বিষয়ে কোনো প্রচারণা চালানো হয়নি।

এছাড়া স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, অসুস্থ ব্যক্তিদের খোঁজখবর নেওয়া, সাধারণ মানুষের বাড়িতে গিয়ে তাদের সমস্যার কথা শোনা, রাস্তায় ও বিভিন্ন সামাজিক আয়োজনে মানুষের সঙ্গে সময় কাটানোর কথাও তুলে ধরেন তিনি।

তাসনিম জারা বলেন, ঢাকা-৯ এলাকার সব মানুষের সঙ্গে তার দেখা হওয়া সম্ভব না হলেও গত কয়েক মাসে হাজারো মানুষের সঙ্গে তার যোগাযোগ হয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চালিয়ে যাবেন।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে পরিচালিত প্রচারণায় পুরোনো কৌশল ব্যবহার করা হচ্ছে। বারবার একই তথ্য বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দিয়ে সেটিকে সত্য হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

নিজের দাবির পক্ষে ফেসবুক পোস্টে কয়েকটি ছবিও সংযুক্ত করেন এনসিপির সাবেক এই নেত্রী।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ