জ্যৈষ্ঠের তীব্র দাবদাহে পুড়ছে দেশ। রাজধানী ঢাকাসহ দেশের ৩৪টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বৃষ্টির পূর্বাভাস থাকলেও আপাতত গরম কমার কোনো লক্ষণ দেখছে না আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৩১ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ছিল খুবই কম। সর্বোচ্চ ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে।
সোমবার (১ জুন) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, ফলে গরমের তীব্রতা অব্যাহত থাকবে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, বর্তমানে দেশের ৩৪টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবারও গরমের পরিস্থিতি অব্যাহত থাকবে, যদিও তাপপ্রবাহের বিস্তৃতি কিছুটা কমে আসতে পারে।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে। আগামী ৩ জুন থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ সপ্তাহেই টেকনাফ উপকূলে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।
এদিকে সোমবার সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং রোদে দীর্ঘ সময় অবস্থান না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

