ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এ হামলায় একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েতের সামরিক বাহিনী।
বুধবার (৩ জুন) কুয়েত নিউজ এজেন্সি (কুনা) ও রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।
হামলার পর নিরাপত্তাজনিত কারণে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে কুয়েতগামী ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ (টি-১) ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানবন্দরের বিভিন্ন স্থাপনায়ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
হামলার পর দেশটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক বাহিনী ও জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে।
তবে ইরানের পক্ষ থেকে এ হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন।

