বিএনপিকে ক্ষমতায় আনার জন্য গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশের সনাতন ধর্মালম্বী ভাই ও বোনেরা নির্দ্বিধায়-নির্ভয়ে ধানের শীষে ভোট দিয়েছেন। অনেকেই বলেন, এ দেশে সনাতন ধর্মালম্বীরা নিরাপদ নয়। আমরা বলি দেশের প্রতি ইঞ্চি মাটি তাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল।
মানিকগঞ্জ-১ আসনের এমপি এসএ জিন্নাহ কবির আজ শনিবার(১৭ অক্টোবর)শিবালয় উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সার্বজনিন দুর্গা উৎসব উপলক্ষে উপজেলার ৯৪ টি পূজামন্ডপে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন- বিপ্লবী প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপনের জন্য সনাতন ধর্মালম্বীদের নানাভাবে সহায়তা প্রদান করেছেন। যা বিগত দিনের তুলণায় দ্বিগুন।
বিএনপি প্রমাণ করতে চায় সনাতনী ভাই-বোনদের নিরাপদ, নিশ্চিন্ত এবং শান্তিতে জীবন-যাপন করার জন্য বাংলাদেশের প্রতি ইঞ্চি ভুমি নিরাপদ। আসন্ন পূজা নির্বিঘ্ন ও নিশ্চিন্তে করতে স্ব-স্ব এলাকার এমপিদেরকে নির্দেশনা প্রদান করেছেন তারেক রহমান।
শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্বে এমপি পত্নী সায়লা কবীর বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করেন। এসময় মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহাম লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, এমপি কণ্যা তাসফিয়া কবীর উদিতা বক্তব্য রাখেন। এতে বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





