পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে জনপ্রিয় ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’। আগামী ২৬ অক্টোবর থেকে বর্ধিত এই সেবা চালুর সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন জেলার যাত্রীরা ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি কক্সবাজার যাতায়াত করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান জানান, মহানগর এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেসের মতো বিরতিহীনভাবে চলবে না। যাত্রাপথে বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি করবে।
নতুন সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। অন্যদিকে, ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। সেখানে যাত্রাবিরতির পর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে ট্রেনটি।
ট্রেনটি নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট এবং ফেনী স্টেশনে যাত্রাবিরতি করবে। তবে নতুন সময়সূচি অনুযায়ী, ট্রেনটি আর চট্টগ্রামের কুমিরা স্টেশনে থামবে না।
দীর্ঘপথের যাত্রা আরামদায়ক করতে মহানগর এক্সপ্রেসে শোভন চেয়ার, স্নিগ্ধা (এসি চেয়ার), এসি সিট ও এসি বার্থের ব্যবস্থা থাকবে। ফলে যাত্রীরা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী আসন নির্বাচন করতে পারবেন।
বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস নিয়মিত চলাচল করছে। এবার মহানগর এক্সপ্রেস যুক্ত হলে কক্সবাজারগামী যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





