ঢাকা থেকে সৌদি আরবগামী এখন পর্যন্ত ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন যাত্রী। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত পরিসরে পরিচালিত হওয়ায় ফ্লাইট চলাচলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট।
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের পাঁচটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালামএয়ারের চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।
তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আর ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি বাতিল হয়েছে ইন্ডিগোর।
ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানো, সংযোগ ফ্লাইট ধরা এবং পরবর্তী ভ্রমণ পরিকল্পনা নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে ট্রানজিট যাত্রীদের ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় ফ্লাইট পরিচালনায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফ্লাইট পরিচালনার সূচিতেও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।





