শিরোনাম
Advertisement
সারাদেশ

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ২১ ইউনিট

Advertisement
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

আরও পড়ুন

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করেছে।

দুপুর ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এ তথ্য জানান।

তিনি বলেন, কারখানার সাততলা ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলায় আগুন লাগে। সেখানে ইনজেকশনসহ জরুরি ওষুধ থাকায় আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে ফায়ার সার্ভিস জরুরি ভিত্তিতে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ২১টি ইউনিটের প্রচেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ফায়ার সার্ভিসের একজন কর্মী শ্বাসকষ্টে আক্রান্ত হন। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে টঙ্গী শিল্প এলাকার স্কুইব রোডে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২-এর সাততলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। প্রথমে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে পরিস্থিতির অবনতি হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে টঙ্গী, সাভার, গাজীপুর, আশুলিয়া ও ঢাকাসহ বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনের সদস্যরাও উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নেন।

আগুনের কারণে ঘটনাস্থল ঘিরে প্রায় দুই কিলোমিটার এলাকায় গণপরিবহন চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

ড্রাগ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল জানান, প্রথমে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনীর সহায়তা নেওয়া হয়।

এ বিভাগের আরও সংবাদ