ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিসের মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এবং ঘিওর ও সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে। মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়। ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন এবং দুই উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। মহড়ায় ভূমিকম্পের সময় আত্মরক্ষা এবং রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। জেলা পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমান। ঘিওরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম এবং সাটুরিয়ায় ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম নিজ নিজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বক্তারা বলেন, দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও আগাম প্রস্তুতি, প্রশিক্ষণ ও সচেতনতার মাধ্যমে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।





