গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও ৯টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।









