আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারগুলোর তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। এ কর্মসূচি সম্পর্কে মানুষকে সচেতন করতে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারের উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
গত ৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে মসজিদে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় কর্মসূচির বার্তা পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী সব এলাকায় একযোগে খানা বা পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।
ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের জন্য পাঠানো বার্তায় বলা হয়েছে, সরকারের প্রশিক্ষিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, তা নির্ধারণ করা হবে।
এতে পরিবারের প্রকৃত তথ্য দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্য কম-বেশি করে দিলে প্রকৃত অভাবী পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
বার্তায় আরও বলা হয়েছে, কেউ টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিলে তাকে বিশ্বাস করা যাবে না। তথ্য দিতে কোনো অর্থের প্রয়োজন হবে না। এ ধরনের প্রতারণার বিষয়ে প্রয়োজনে ১০৯৮ নম্বরে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।





