‘জীবনের অভিজ্ঞতা শুনি, সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে
মানিকগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করেছে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)।
আজ (শনিবার) মানিকগঞ্জ সিআরপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
সিআরপি’র অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কেন্দ্র ব্যবস্থাপক
মো: মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দিবসের আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র ফিজিওথেরাপিস্ট সাদ্দাম হোসেন।
অকুপেশনাল থেরাপি ডিপার্টমেন্টের ইনচার্জ নীপা মোনালিসার পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রামাণ্যচিত্র তুলে ধরেন ইন্টার্ন অকুপেশনাল থেরাপিস্ট সুমাইয়া আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, ‘মানসিক স্বাস্থ্য মানুষের সামগ্রিক সুস্থতার অবিচ্ছেদ্য অংশ। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি। উদ্বেগ, বিষণ্নতা, মানসিক চাপসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ, তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজন অনুযায়ী পেশাদার সহায়তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘মানসিক স্বাস্থ্য নিয়ে সংকোচ ও সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্য না করে তাঁদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ সৃষ্টি করতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী প্রশিক্ষনার্থী ও সিআরপি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।





