ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহন খাতের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি, সড়কে নিরাপত্তা জোরদার করা এবং গণপরিবহনে বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, গণপরিবহন ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বৈঠকে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হচ্ছে।





