বাংলাদেশকে একটি শক্তিশালী বিনিয়োগকেন্দ্র বা ‘ইনভেস্টমেন্ট হাব’ হিসেবে গড়ে তুলতে সরকারের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এ যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডসহ অন্যান্য কার্ডের সমন্বয়ে প্রত্যেক নাগরিককে একটি ইউনিভার্সেল কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি শিশুদের আনন্দের সঙ্গে শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয়, শিক্ষার্থীদের ইউনিফর্ম, মিড ডে মিলসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করার কথাও জানান তিনি।
তারেক রহমান বলেন, তরুণদের যোগ্য করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং বাকস্বাধীনতা নিশ্চিত করা হচ্ছে।
তিনি সংলাপ, অংশীদারিত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
ভূরাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, অর্থনীতি, জলবায়ু, মানবনিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় নিয়ে সিজিএসের আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’। এবারের সম্মেলনে শতাধিক দেশের প্রায় ২০০ বক্তা, ৩০০-এর বেশি প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী অংশ নেবেন।
সম্মেলনের উদ্বোধনী সেশনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসাসহ বিভিন্ন দেশের কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।





