ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন নদ-নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময়ে মানিকগঞ্জ জেলার নদ-নদী ও মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভায় এতথ্য জানানো হয়।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির, কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক শাহজাহান সিরাজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড মজিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার আমীর হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন, শিবালয় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রাণী নিয়োগী, হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নূরুল ইকরাম,
আনসার ও ভিডিপির সার্কেল অ্যাডজিটেন্ট স্বরূপ বিশ্বাস, পাটুরিয়া নৌ-পুলিশের এস আই গোলাম সরোয়ারসহ জেলে প্রতিনিধি।
সভায় আরও জানানো হয়, Protection and Conservation of Fish Act, 1950-এর আওতায় প্রণীত Protection and Conservation of Fish Rules, 1985-এর ১৩ নম্বর বিধি অনুযায়ী এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৩ আশ্বিন থেকে ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, অর্থাৎ ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, মানিকগঞ্জসহ চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী ও মুন্সীগঞ্জ জেলার নদ-নদী ও মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে।
এ ছাড়া গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কুষ্টিয়া, নড়াইল ও জামালপুর জেলার নদ-নদীতে ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ থাকবে।
একই সময়ে সারাদেশে ইলিশ মাছ পরিবহন, মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।
ইলিশের প্রজনন নির্বিঘ্ন করা এবং দেশের ইলিশসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হবে। নিষেধাজ্ঞার সময়ে নদ-নদীতে মাছ আহরণ বন্ধ রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।





