‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার) সকালেজেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খায়রুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক শাহজাহান সিরাজ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার, মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহিদুল হক, মানিকগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক এ বি এম সামছুন্নবী তুলিপ ও বিসিকের উপ-ব্যবস্থাপক আব্দুল কাদের।
সভায় উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী উদ্যোগ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পোদ্যোক্তা ও শ্রমজীবী মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’
সভায় জাতীয় উৎপাদনশীলতা দিবসের তাৎপর্য তুলে ধরে উৎপাদনশীলতা বৃদ্ধিতে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





