মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কৃষক দলের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে উপজেলার সর্বস্তরের ইউনিয়ন নেতা-কর্মীদের নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সাটুরিয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আসা কৃষক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। আলোচনা পর্বে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের নিজ নিজ অঞ্চলের কৃষকদের সমস্যা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তারা বলেন, বর্তমান সময়ে প্রান্তিক কৃষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষকের সার্বিক অধিকার রক্ষা ও ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নে কৃষক দলের নেতাদের রাজপথে ও সামাজিক ক্ষেত্রে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
উপজেলা কৃষক দলের সভাপতি বরকত মল্লিক সভাপতির বক্তব্যে বলেন, “কৃষকরাই এদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ আজ তারাই সবচেয়ে বেশি অবহেলিত। সাটুরিয়া উপজেলা কৃষক দল সব সময় কৃষকের ন্যায্য অধিকার আদায়ে আপসহীন ভূমিকা পালন করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। প্রতিটি ইউনিয়নের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে কৃষকের অধিকার রক্ষায় সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসাইন বলেন, “কৃষক দলের ভিত্তি হচ্ছে তৃণমূলের মেহনতি মানুষ। আমাদের মূল লক্ষ্য হলো সাধারণ কৃষকের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো। উপজেলার প্রতিটি ইউনিয়নে সংগঠনকে সুসংগঠিত করে কৃষকদের যেকোনো সমস্যায় সর্বাত্মক সহায়তা প্রদান ও আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাকির আহমেদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকগণ। সভাটি অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়।





