মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় দলীয় ব্যবস্থা নেওয়ার পদক্ষেপের মধ্যে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। আগামী রোববার সকালে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) একাধিক দলীয় সূত্র এ তথ্য জানিয়েছে।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, হামলার ঘটনায় জড়িত হিসেবে যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন দলের জ্যেষ্ঠ নেতাসহ কয়েকজন নেতা। ওই তালিকায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নামও রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মিষ্টিকে তাঁর সংসদীয় আসন থেকে পদত্যাগ করতে বলা হয়েছে।
তবে বিএনপির এক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি মিষ্টিকে পদত্যাগ করতে বলা হবে বলে শুনেছেন। তবে এ বিষয়ে শীর্ষ পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে তিনি অবগত নন।
ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপির সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি প্রয়াত নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ছোট বোন। তাঁর প্রয়াত স্বামী সাঈদুর রহমান নিউটন ঢাকা সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা ছিলেন। ২০০২ সালে তিনি নিহত হন।
গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মধ্যরাতে সংঘটিত ওই ঘটনার পর এর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
এরই মধ্যে ফেরদৌসী আহমেদ মিষ্টির সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশের বিষয়টি সামনে এসেছে।





