মাদকের কারবারের অভিযোগে পুলিশের নজরদারিতে থাকা শিবালয়ের সাবেক ছাত্রদল নেতা মো. নাজমুল ইসলাম (৪২) অবশেষে ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েছেন। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে ইয়াবা কারবার ও সেবনের সঙ্গে জড়িত নাজমুলের নেতৃত্বে এলাকায় গড়ে উঠেছে মাদকের নেটওয়ার্ক। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উলাইল ইউনিয়নের দশচিড়া গ্রামের পাকা সড়ক থেকে ৩১ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে থাকা রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
নাজমুল দশচিড়া গ্রামের সবুর উদ্দিনের ছেলে।এ ঘটনায় শিবালয় থানার এসআই মো. আশরাফুর রহমান বাদী হয়ে ১ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
এদিকে একই রাতে শিবালয়ের মহাদেবপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ৬০০ পিস ইয়াবাসহ কাউসার হোসেন (২৭)নামে আরেক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কলাগাড়িয়া মধুমতি সিএনজি অ্যান্ড এলপিজি স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
কাউসার রংপুরের পীরগাছা উপজেলার ছোট আয়াত খা গ্রামের আকবর হোসেনের ছেলে। বর্তমানে তিনি সাভারের আরাপাড়া এলাকায় ভাড়ায় থাকেন। এ ঘটনায় এসআই (নিঃ) প্রদীপ কুমার সাহাজী বাদী হয়ে মামলা করেছেন। শিবালয় থানার ওসি আমিনুল ইসলাম দুটি গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান মাদকের বিরুদ্ধে তারা নিয়মিত টহল জোড়দার রেখেছে।।





