বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ বক্তব্য দিয়ে থাকলে তার বিচার জনগণই করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাড্ডা ক্লিনিকের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা ও সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতার বিষয়েও তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
রাজধানীর মাটিকাটায় জমি দখল ও মামলা দায়েরের প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, দুর্বৃত্তরা যে পরিচয়েরই হোক, অপরাধী অপরাধীই। মাটিকাটা ক্যান্টনমেন্ট থানার জমি দখলের ঘটনায় ৯৯৯-এ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং আলামত সংগ্রহ করেছে।
তিনি আরও বলেন, আইনের নিয়ম অনুযায়ী কোনো এজাহার জমা হলে প্রাথমিক তদন্তের পর মামলা নিবন্ধন করতে হয়। অন্যথায় ভিত্তিহীন অভিযোগও মামলা হিসেবে নথিভুক্ত হওয়ার আশঙ্কা থাকে। সরকারকে ঢালাওভাবে দোষারোপ কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের বিচার জনগণই করবে।
মিরপুরে হকারদের সঙ্গে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রাজউক বা সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের সঙ্গে পুলিশের যথাযথ যোগাযোগ ছিল না। এ ঘটনায় সমন্বয়ের অভাব দেখা গেছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না।





