নারী যাত্রীদের জন্য ১৪ রুটে চালু হলো বিশেষ পিংক বাস সার্ভিস

🕙 প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬ । ৯:১৬ এএম

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বাড়ানো হবে। পর্যায়ক্রমে নতুন রুটে বাস চালুর পাশাপাশি বাসের সংখ্যাও বাড়ানো হবে। একই সঙ্গে নারীরা বর্তমানে যে পরিবেশে গণপরিবহনে যাতায়াত করছেন, সেটিও ধীরে ধীরে আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে।

শেখ রবিউল আলম বলেন, নারী যাত্রীরা যেন বিশেষ বাসে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। শুধু বাস চালু করলেই দায়িত্ব শেষ হবে না; সময়ের সঙ্গে পুরো সেবার মান উন্নত করতে হবে। অতীতে বিভিন্ন সেবা চালুর পর কয়েক মাসের মধ্যে তা বন্ধ হয়ে যাওয়ার নজির থাকলেও নতুন এই সেবা যেন এমন পরিণতির শিকার না হয়, সেটি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

বিআরটিসি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, শুরুতে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা ও জনবল পুরোপুরি প্রস্তুত না থাকলেও প্রতিদিন ব্যবস্থাপনার উন্নতি করতে হবে। মঙ্গলবার যে সেবা শুরু হয়েছে, দুই মাস পর এর মান আরও বাড়াতে হবে।

নারী যাত্রীদের নিরাপদ যাতায়াতের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাসে ওঠার আগে অপেক্ষার সময় থেকে শুরু করে বাসে ওঠা, যাত্রাপথ এবং বাস থেকে নামা পর্যন্ত পুরো প্রক্রিয়াকে নিরাপদ ও যাত্রীবান্ধব করতে হবে। অনেক নারী অপেক্ষার সময়, বাসের ভেতরে কিংবা নামার সময় বিব্রতকর ও অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হন। এসব সমস্যা দূর করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মন্ত্রী আরও বলেন, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। রাষ্ট্র বিনির্মাণ ও পরিবারের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নারীদের সক্ষমতাকে রাষ্ট্রের কাজে আরও কার্যকরভাবে কাজে লাগাতে হলে তাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা প্রয়োজন।

বিআরটিসি জানিয়েছে, নারী চালক দ্বারা পরিচালিত মোট ১৪টি বিশেষ বাস দিয়ে এ সেবা শুরু হয়েছে। এর মধ্যে ঢাকার ১০টি রুটে ১০টি, চট্টগ্রামের দুটি রুটে দুটি এবং বগুড়ার দুটি রুটে দুটি বাস চলবে। ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল।

ঢাকার রুটগুলোর মধ্যে রয়েছে—নতুন বাজার (কোকা-কোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও, মিরপুর ১০-মতিঝিল, মিরপুর-মতিঝিল, মিরপুর ১২-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল, আবদুল্লাহপুর-মতিঝিল এবং গাজীপুর-এবিআর। এ ছাড়া নারায়ণগঞ্জ-ঢাকা রুটেও বাস চলাচলের কথা রয়েছে।

অন্যদিকে বগুড়ার শেরপুর-মাটিডালি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে বিশেষ বাস চলবে।

আগামী দিনে রুট ও বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রী। বর্তমানে চালু হওয়া এলাকাগুলোর পাশাপাশি পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগেও এই সেবা সম্প্রসারণ করা হবে।

বিআরটিসির বর্তমান ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন শেখ রবিউল আলম। তিনি জানান, বিআরটিসি বর্তমানে প্রায় ১ হাজার ২০০ বা তার বেশি বাস পরিচালনা করছে এবং সংস্থাটি বর্তমানে লোকসানে নেই, বরং ব্রেক-ইভেন অবস্থায় রয়েছে।

পরিবেশবান্ধব গণপরিবহন প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাল্টিমোডাল যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে ই-বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলাও সরকারের অঙ্গীকারের অংশ।

তিনি জানান, ২০০টি ই-বাস কেনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে পরিচালনার জন্য রাখা হবে। এর ফলে নারী বাসসেবার রুট ও বাসের সংখ্যা আরও বাড়ানো সম্ভব হবে।

অনুষ্ঠানে সড়ক ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বিআরটিসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ