নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ ‘পিংক বাস সার্ভিস’ চালু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বিশেষ এই বাস সার্ভিস নারী চালক ও নারী কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত হবে। মঙ্গলবার বিকেল থেকে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। আগামীকাল বুধবার থেকে নির্ধারিত রুটে নিয়মিতভাবে যাত্রীসেবা চালু হবে।
প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে ১০টি বাস দিয়ে এ কার্যক্রম শুরু করা হচ্ছে। এর বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস চলবে। সব মিলিয়ে তিন শহরে মোট ১৪টি বাস এই বিশেষ সেবার আওতায় থাকবে।
সংশ্লিষ্টরা জানান, নারী যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনা করে ভবিষ্যতে পিংক বাস সার্ভিসের আওতায় বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। এর মাধ্যমে নারীদের গণপরিবহনে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

