দেশে গ্যাস নিয়ে তৈরি হওয়া সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিরোধীদলের কাছে তিন মাসের মধ্যে কার্যকর পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দরিদ্র মানুষের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর মহাখালী কড়াইল টিঅ্যান্ডটি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ নিয়ে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। গ্যাসের সমস্যা সমাধানে সরকার কাজ করছে। কারিগরি ত্রুটিও কমানো হয়েছে। দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় বিরোধীদলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, শুধু সমালোচনা না করে দেশের গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগের পরিকল্পনা দিতে হবে। আগামী তিন মাসের মধ্যে এ বিষয়ে পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহি নিশ্চিত হবে এবং জবাবদিহির মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণের কাজ শুরু হবে।
এ ছাড়া উপজেলার সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

