বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় সংসদ সদস্য আফরোজা খানম রিতাকে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আন্তরিক সংবর্ধনা প্রদান করেছেন মানিকগঞ্জ জেলার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টবৃন্দ (CMA)।
শুক্রবার ১৪ আগস্ট বিকেলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা থেকে আগত দেশের শীর্ষস্থানীয় হিসাববীদরা অংশ নেন। অনুষ্ঠানে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং পর্যটন খাত ও দেশের সার্বিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার জন্য তাঁর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পেশাদার হিসাববিদ এবং দেশের সচেতন নাগরিক হিসেবে তাঁরা বিশ্বাস করেন যে, আফরোজা খানম রিতার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের বিমান পরিবহন ও পর্যটন খাত এক নতুন উচ্চতায় পৌঁছাবে। মানিকগঞ্জের কৃতি সন্তান হিসেবে তাঁর এই অর্জনে জেলার সর্বস্তরের মানুষ অত্যন্ত গর্বিত।
বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমানে পর্যটন খাত দেশের অন্যতম সম্ভাবনাময় ক্ষেত্র। বৈশ্বিক ও দেশীয় অর্থনীতিতে স্থিতিশীলতা এবং সরকারের রূপকল্প বাস্তবায়নে এই মন্ত্রণালয়ের অবদান অপরিসীম। একজন গতিশীল নেতা হিসেবে মন্ত্রী আফরোজা খানম রিতা প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের পর্যটনশিল্পকে কার্যকরভাবে তুলে ধরতে সক্ষম হবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী আফরোজা খানম রিতা উপস্থিত সিএ এবং সিএমএ পেশাজীবীদের ধন্যবাদ জানান। পর্যটন খাত শুধু জাতীয় অর্থনীতিতেই ভূমিকা রাখে না, বরং এটি একটি দেশের ভাবমূর্তিরও প্রতিনিধিত্ব করে। তাই এ খাতের সামগ্রিক মান উন্নয়নে সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলার বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরা উপস্থিত ছিলেন। তাঁরা মন্ত্রীর সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের উন্নয়নে তাঁর পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী ও মানিকগঞ্জের অ্যাকাউন্ট্যান্টদের মধ্যে স্মারক ক্রেস্ট বিনিময় এবং এক নৈশভোজ অনুষ্ঠিত হয়।

