৪০ ঘণ্টা বিলম্বের পর রোম থেকে ঢাকায় ফিরল বিমানের বিজি-৩০৬ ফ্লাইট

🕙 প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৬ । ৭:৪৪ এএম

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে ঢাকায় পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইট। রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে স্থানীয় সময় শনিবার রাত ১১টায় রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি।

বিমান সূত্রে জানা যায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি আড়াই শতাধিক যাত্রী নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে নিরাপত্তার স্বার্থে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে উড়োজাহাজটি সেখানে নামে।

দীর্ঘ সময় চেষ্টা করেও স্থানীয়ভাবে ত্রুটি মেরামত সম্ভব না হওয়ায় ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং দুই সদস্যের একটি প্রকৌশলী দল রোমে পাঠানো হয়। শনিবার দুপুরে বিজি-৩০৫ ফ্লাইটে তারা রওনা দিয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে রোমে পৌঁছান। পরে প্রকৌশলীরা প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করলে উড়োজাহাজটি পুনরায় উড্ডয়নের অনুমতি পায়। এরপর শনিবার রাতেই বিজি-৩০৬ ঢাকার উদ্দেশে যাত্রা করে।

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪০ ঘণ্টা রোমে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন আড়াই শতাধিক যাত্রী। ভুক্তভোগীদের অভিযোগ, বাংলাদেশি পাসপোর্টধারী অন্তত ১৭০ জন যাত্রীকে পুরো সময় বিমানবন্দরের লাউঞ্জে অবস্থান করতে হয়েছে।

যাত্রীদের আরও অভিযোগ, কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করা হলেও বাংলাদেশি যাত্রীদের জন্য একই ধরনের সুবিধা নিশ্চিত করা হয়নি। দীর্ঘ অপেক্ষা, আবাসন সংকট এবং যাত্রীসেবার মান নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেন।

অবশেষে প্রকৌশলীদের তৎপরতায় উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি মেরামত হওয়ার পর ফ্লাইটটি রোম ত্যাগ করে এবং প্রায় ৪০ ঘণ্টার বিলম্বের অবসান ঘটিয়ে রোববার দুপুরে ঢাকায় পৌঁছায়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ