শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সাবিলা নূর

🕙 প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ । ১০:৩০ এএম

অভিনেত্রী সাবিলা নূর বলেন, সুপারস্টার শাকিব খানের সঙ্গে পর্দায় রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি কোনো ধরনের অস্বস্তি অনুভব করেননি। বরং সহশিল্পী হিসেবে শাকিব এমন একটি স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করেছিলেন, যা অভিনয়কে আরও সহজ করে তুলেছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং তাদের পর্দার রসায়ন নিয়ে কথা বলেন সাবিলা। তিনি জানান, ক্যামেরা চালু হওয়ার পর তারা আর ব্যক্তিগত পরিচয়ে থাকেন না; বরং সম্পূর্ণভাবে নিজেদের চরিত্রে ডুবে যান।

সাবিলার ভাষায়, “ক্যামেরা রোল হওয়ার পর উনি আর শাকিব খান থাকেন না, আমিও সাবিলা নূর থাকি না। তখন উনি ‘আগুন’, আমি ‘মীরা’। চরিত্রটাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই কোনো দ্বিধা বা অস্বস্তি কাজ করেনি।”

তিনি আরও বলেন, শাকিব খান এমন একটি ‘কমফোর্ট জোন’ তৈরি করেছিলেন, যেখানে খুব স্বাভাবিকভাবেই রোমান্টিক দৃশ্যগুলোতে অভিনয় করা সম্ভব হয়েছে।

শুধু সহশিল্পী হিসেবেই নয়, একজন পেশাদার অভিনেতা হিসেবেও শাকিব খানের প্রশংসা করেন সাবিলা নূর। তিনি জানান, প্রতিটি দৃশ্যের শুটিং শেষে শাকিব নিজের অভিনয় মনোযোগ দিয়ে পর্যালোচনা করেন এবং কোথায় আরও উন্নতি করা যায়, তা নিয়ে আলোচনা করেন।

সাবিলার মতে, “উনার এই বিষয়টাই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। প্রতিটি শট বিশ্লেষণ করে নিজেকে আরও ভালো করার চেষ্টা করেন। একজন অভিনেতা হিসেবে এটি আমাকে অনুপ্রাণিত করেছে।”

এ ছাড়া ‘রকস্টার’ সিনেমার মালয়েশিয়া শুটিংয়ের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। সাবিলার দাবি, অল্প কয়েক দিনের ব্যবধানে চরিত্রের প্রয়োজনে শাকিব খানের নিজেকে বদলে নেওয়ার সক্ষমতা তাকে বিস্মিত করেছে।

উল্লেখ্য, আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খান ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই ও তারিক আনাম খান। সিনেমাটি চলতি বছরের ২৮ মে মুক্তি পায়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ