শিরোনাম
Advertisement
শিক্ষা

সারাদেশে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

Advertisement
ছবি: সংগৃহীত

আরও পড়ুন

সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। এবার দেশের দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করেন। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছেন ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। সরকার পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

নিরাপত্তা জোরদারে পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন। এছাড়া সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে গঠন করা হয়েছে বিশেষ মনিটরিং সেল। এই সেল থেকে দেশের যেকোনো কেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা যাবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো কেন্দ্রে নকলের ঘটনা ধরা পড়লে শুধু পরীক্ষার্থী নয়, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এইচএসসি পরীক্ষা উপলক্ষে সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের জন্য ঢাকা শিক্ষা বোর্ড বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ০২-২২৩৩৬৯৮১৫। এছাড়া ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫৬১০৩১৫২ নম্বরে যোগাযোগ করা যাবে। ই-মেইল: controller@dhakaeducationboard.gov.bd।

এ বিভাগের আরও সংবাদ