রাজবাড়ীর গোয়ালন্দে গ্রাম্য চিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তার হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১২ মে) ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— বাবলু সরদার, টোকন সরদার ও গাজীয়ার সরকার। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক চেয়ারম্যান আতর আলী, রায়হান সরদার, হাবিবুর রহমান ওরফে হবি সরদার, হেলাল খান, জিল্লুর রহমান ও জিয়া মণ্ডল।
রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ আসামিকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া মামলার বিচার চলাকালে মতিয়ার ও আলাল সরদার (মাঝি) মারা যাওয়ায় তাদের অব্যাহতি দিয়েছেন আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ১৪ অক্টোবর গোয়ালন্দ থানার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান আতর আলীর ছেলে যুবলীগ নেতা বাবলু সরদারের সঙ্গে দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুল ইসলাম বাবলু সরদারের বাকবিতণ্ডা হয়। এর জেরে আতর আলীর নেতৃত্বে কয়েকজন আতর আলী বাজারের তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়।
পরে চেয়ারম্যান হাফিজুল ইসলামের সমর্থকরা ওই পথ দিয়ে ফেরার সময় তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় ঘটনাস্থল দিয়ে যাওয়ার পথে আবু ডাক্তারকেও আটক করে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গোয়ালন্দ সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর মো. মোবারক মোল্লা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের ৫ অক্টোবর পুলিশ ২২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার বিচার চলাকালে আদালতে ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

