ঘানার আলোচিত স্বঘোষিত তান্ত্রিক নানা কোয়াকু বনসাম আবারও আলোচনায়। ‘কালো জাদু’ ও নানা বিতর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য পরিচিত এই ব্যক্তি এবার দাবি করেছেন, ২০২৬ ফুটবল বিশ্বকাপ জিতবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
ব্রিটিশ ও আফ্রিকান কয়েকটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে কোয়াকু বনসাম বলেন, “এই বিশ্বকাপ রোনালদোর। আমি দেখেছি, ট্রফি তার হাতেই উঠছে।”
২০১৪ সালের বিশ্বকাপের সময় প্রথম আলোচনায় আসেন এই তান্ত্রিক। সে সময় পর্তুগাল ও ঘানা একই গ্রুপে থাকায় তিনি দাবি করেছিলেন, ‘কালো জাদু’ ব্যবহার করে রোনালদোকে বিপাকে ফেলেছেন। ওই বিশ্বকাপে প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি পর্তুগিজ তারকা। দলও গ্রুপপর্ব পেরোতে ব্যর্থ হয়। এরপর থেকেই নানা কোয়াকু বনসামের নাম আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হতে থাকে।
নিজের দাবি অনুযায়ী, ঘানার একটি প্রত্যন্ত এলাকার ‘কোফি অ্যান্ড কোফি’ আশ্রম থেকে তিনি অলৌকিক শক্তি অর্জন করেছেন। সেই শক্তি ব্যবহার করে প্রতিপক্ষের খেলোয়াড়দের ক্ষতি করতে পারেন বলেও দাবি করেন তিনি। যদিও তার এসব দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক বা নির্ভরযোগ্য প্রমাণ কখনো পাওয়া যায়নি।
চলতি বিশ্বকাপেও তিনি দাবি করেছেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে ‘মন্ত্রবলে আটকে’ রেখেছিলেন। তবে এবার তার ভবিষ্যদ্বাণীর কেন্দ্রবিন্দুতে রয়েছেন রোনালদো।
কোয়াকু বনসাম বলেন, “আধ্যাত্মিক জগতে ইতোমধ্যেই পর্তুগাল বিশ্বকাপ জিতে নিয়েছে। রোনালদোর অপেক্ষা এবার শেষ হতে চলেছে।”
উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপকে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে দেখা হচ্ছে। তাই এই আসরে পর্তুগিজ মহাতারকা অধরা বিশ্বকাপ শিরোপা জিততে পারেন কি না, তা নিয়েই এখন ফুটবলবিশ্বের বাড়তি আগ্রহ।

