বাংলাদেশকে বিশ্বের অন্যতম শীর্ষ শিক্ষা হাবে পরিণত করার যথেষ্ট সক্ষমতা দেশের রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, প্রয়োজনীয় সম্পদ, মেধা, পরিকল্পনা ও দৃঢ় ইচ্ছাশক্তি—সবই বাংলাদেশের আছে; এখন প্রয়োজন সমন্বিত উদ্যোগে এগিয়ে যাওয়া।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ভবিষ্যৎ দিকনির্দেশনা ও জাতীয় লক্ষ্য অর্জনে যৌথ কর্মপরিকল্পনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “বাংলাদেশকে বিশ্বমানের শিক্ষা হাবে রূপ দিতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্যও একটি আকর্ষণীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা।”
তিনি আরও বলেন, অতীতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করত, ভবিষ্যতেও সেই সম্ভাবনা রয়েছে। বিদেশে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে অবদান রাখার প্রবণতা বাড়াতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় শিক্ষামন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বল্প সময়ের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, অল্প সময়েও তিনি গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ নিয়েছিলেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার শিক্ষা উন্নয়নে আগ্রহ এবং বর্তমান প্রধানমন্ত্রীর শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্রে পরিণত করতে বিদেশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ আকৃষ্ট করার জন্য সরকার কাজ করছে। এ ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।
স্টেকহোল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, টেকসই সিদ্ধান্ত গ্রহণে সংশ্লিষ্ট সবার মতামত শোনা জরুরি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ব্যবস্থাপনা, স্কলারশিপ প্রদান এবং ট্রাস্টভিত্তিক পরিচালনা পদ্ধতিও পর্যালোচনা করা হবে।
সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে।
‘বাংলাদেশকে বিশ্বমানের শিক্ষা কেন্দ্রে রূপ দিতে সম্মিলিত উদ্যোগ দরকার’
🕙 প্রকাশিত : ৬ মে, ২০২৬ । ৬:৩৯ পূর্বাহ্ণ

