রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব পদেই দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

🕙 প্রকাশিত : ৩ মে, ২০২৬ । ১০:১৮ পূর্বাহ্ণ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ উল্লেখ করে কর্মকর্তাদের যেকোনো পদে কাজ করার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পছন্দের পোস্টিং বা পদোন্নতির জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করলে তা সামগ্রিকভাবে প্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতাকে ক্ষতিগ্রস্ত করে।
রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “শুধুমাত্র পছন্দের জায়গায় পোস্টিং পাওয়ার মানসিকতাই দুর্নীতি ও অপেশাদারিত্বের অন্যতম কারণ।” তিনি কর্মকর্তাদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, দেশের যেকোনো স্থানে, যেকোনো সময় দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে এবং প্রতিটি পদকে সমান গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, জনপ্রশাসনে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকেই প্রধান বিবেচনায় রাখা হবে। শূন্য পদে দ্রুত নিয়োগ, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং প্রশাসনিক কাঠামোয় জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরাই মাঠপর্যায়ে সরকারের প্রধান প্রতিনিধি। তাদের সততা, দক্ষতা ও দায়বদ্ধতার ওপরই সরকারের উন্নয়ন কার্যক্রমের সফলতা নির্ভর করে।
তিনি বলেন, বর্তমান সরকার একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ সরকারের প্রতিটি কাজে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখতে চায়।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি, প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতায় ইতোমধ্যে অনেক অগ্রগতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি প্রশাসনের কর্মকর্তাদের সময়োপযোগী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টামণ্ডলী, মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চার দিনব্যাপী এই ডিসি সম্মেলনে ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনে জেলা প্রশাসকদের পক্ষ থেকে মোট ৪৯৮টি প্রস্তাব উত্থাপন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার তদারকি, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, জনগণ যেন সরকারি সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হয়, সে বিষয়েও কঠোর নজরদারি রাখতে হবে। পাশাপাশি জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ”—এই চেতনায় কাজ করতে হবে।
চার দিনব্যাপী এই সম্মেলন আগামী ৬ মে শেষ হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ