জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। তিনি বলেন, ভাড়া সমন্বয়ের এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে। তবে সিএনজিচালিত বাসের ক্ষেত্রে এই ভাড়া বৃদ্ধি প্রযোজ্য হবে না।
মন্ত্রী জানান, জনস্বার্থ বিবেচনায় ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। একই হারে আন্তঃজেলা রুটে ৫২ সিটের বাস এবং ডিটিসি ও মিনিবাসের ভাড়াও সমন্বয় করা হয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরকার দীর্ঘ সময় জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করেছিল। তবে পরবর্তীতে প্রতি লিটারে প্রায় ১৫ টাকা বৃদ্ধি করতে হওয়ায় পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের দাবি ওঠে। সেই প্রেক্ষিতে মালিক-শ্রমিকদের সঙ্গে একাধিক দফা বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, “আমরা এটিকে সরাসরি ভাড়া বৃদ্ধি হিসেবে দেখছি না, বরং জ্বালানির মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে একটি সমন্বয় হিসেবে বিবেচনা করছি।”
এর আগে, গত ২২ এপ্রিল সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে ভাড়া নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছিলেন মন্ত্রী। পরবর্তী আলোচনার মাধ্যমে আজ নতুন ভাড়া কার্যকর করা হলো।

