ইরানকে ঘিরে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্ত ও দাবি মেনে নেওয়া না হলে দেশটিতে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে না নেয়, তাহলে দেশটিতে ‘একটি সম্পূর্ণ সভ্যতার ধ্বংস’ ঘটতে পারে, যা আর পুনরুদ্ধার করা সম্ভব হবে না। তিনি বলেন, “আমি চাই না এটি ঘটুক, কিন্তু এটি সম্ভবত ঘটতে পারে।”
একই সঙ্গে ইরানের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে ‘বুদ্ধিমান ও কম কট্টরপন্থী’ নেতৃত্বের আবির্ভাব ঘটেছে, যা ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করতে পারে।
ট্রাম্প আরও বলেন, “আজ রাতেই আমরা জানতে পারব—বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত আসছে। ৪৭ বছরের শোষণ, দুর্নীতি ও মৃত্যুর অবসান হতে পারে।”
শেষে ইরানের জনগণের মঙ্গল কামনা করে তিনি বলেন, “ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন।”
সূত্র: আল-জাজিরা, এএফপি

