চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকায় অবস্থিত কে বি অর্কিড প্লাজা নামের একটি বহুতল বিপণিকেন্দ্রে অগ্নিকাণ্ডে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন। আগুনে তিনটি দোকানঘর পুড়ে গেছে।
নিহতরা হলেন মোহাম্মদ ইউনুস (৫২) ও মো. সোলাইমান (২৮)। তাদের বাড়ি পটিয়া উপজেলায়। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ভবনটির চতুর্থ তলায় ‘ওয়েস্টার্ন টেইলার্স’ নামের একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ইউনুস, সোলাইমানসহ তিনজন গুরুতর দগ্ধ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টেরিবাজারের আগুনে আহত তিনজনকে হাসপাতালে আনা হয়, যাদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।
উল্লেখ্য, ঈদুল ফিতরকে সামনে রেখে টেরিবাজার এলাকার বিপণিকেন্দ্রগুলোতে সাধারণত ব্যাপক কেনাকাটা চলে। তবে ঈদের ছুটি শুরু হওয়ায় সকালে মানুষের ভিড় তুলনামূলক কম ছিল। আগুনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়।

